নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত ঐতিহ্যবাহী পাইকারি বাণিজ্য কেন্দ্র রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৯) এক যুগান্তকারী পটপরিবর্তন ঘটেছে। বছরের পর বছর ধরে জেঁকে বসা বিতর্কিত ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান ও বিদায়ী সভাপতি মোহাম্মদ ছালামত আলীকে বিপুল ভোটে পরাজিত করে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মোহাম্মদ আলী আব্বাস খান (চেয়ার মার্কা)। একই সাথে সাধারণ ব্যবসায়ীদের বিপুল সমর্থনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কাসেম চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম নগরীর মোটেলে সৈকতে কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোটগ্রহণ শেষে আজ রবিবার ভোর রাত ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা আবুল হাশেম বক্কর আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
গতকাল সকাল থেকেই ভোটারদের পদচারণায় মুখরিত ছিল মোটেল সৈকত প্রাঙ্গণ। দীর্ঘ বছর পর সাধারণ ব্যবসায়ীরা কোনো ভয়ভীতি ছাড়া নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে সন্তোষ প্রকাশ করেন। ভোট গণনা শেষে মধ্যরাত পেরিয়ে ভোর ৩টায় যখন আলহাজ আলী আব্বাস খানের বিজয়ের ঘোষণা আসে, তখন পুরো এলাকায় উপস্থিত হাজারো সাধারণ ব্যবসায়ী ও সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেশন রোড ও রেয়াজউদ্দিন বাজার এলাকা।
পরাজিত সভাপতি প্রার্থী সালামত আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বৈরাচারী রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করা, দোকান বরাদ্দ ও পজিশন নিয়ে বাণিজ্য এবং কোটি কোটি টাকার চাঁদাবাজির সিন্ডিকেট চালানোর অভিযোগ ছিল। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি নানা কৌশলে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছিলেন। ব্যবসায়ীরা জানান, এই ব্যালট বিপ্লবের মাধ্যমে মূলত বাজারের ‘ফ্যাসিবাদী ও শোষক’ চক্রকে চূড়ান্তভাবে বিদায় জানালো সাধারণ দোকানদারেরা।
বিজয় নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আলী আব্বাস খান ও সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী সাধারণ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এই জয় কোনো ব্যক্তির নয়, এটি রেয়াজউদ্দিন বাজারের শোষিত ও বঞ্চিত হাজারো ব্যবসায়ীর জয়। দীর্ঘদিনের ভয় আর আতঙ্কের পরিবেশ ভেঙে সাধারণ মানুষ যে রায় দিয়েছে, আমরা তার মর্যাদা রাখবো।”
প্রধান নির্বাচন কমিশনার আবুল হাশেম বক্কর শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন করার জন্য ব্যবসায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা তাদের যোগ্য নেতা বেছে নিয়েছেন। আশা করি, এই কমিটি বাজারের হারানো গৌরব ফিরিয়ে আনবে।”
রেয়াজউদ্দিন বাজারে ‘ফ্যাসিবাদ’ হটিয়ে আব্বাস-কাসেমের জয়: অবসান হলো ছালামত সিন্ডিকেটের
জনপ্রিয় সংবাদ











