পত্নীতলা উপজেলায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত (৭ সেপ্টেম্বর ২০২৬) সোমবার বিকাল ৫:৩০ মিনিটে উপজেলা সদরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ রিফাত আরা ম্যাম। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মডেল ও সনদপত্র তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মচারী, শিক্ষা বিভাগের প্রতিনিধি, ক্রীড়া সংঘটক এবং বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রিফাত আরা ম্যাম তার বক্তব্যে বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যারা আজ বিজয়ী হয়েছে তারা আগামী দিনে জেলা ও জাতীয় পর্যায়ে উপজেলা সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। এবং যারা বিজয়ী হতে পারো নাই তাদের মন খারাপের কোন কারণ নেই আবার চেষ্টা করে আগামীতে বিজয়ী হতে পারবে ইনশাআল্লাহ।”
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের অনুশীলন ও শিক্ষকদের সহযোগিতার ফল হিসাবে তারা সাফল্য অর্জন করতে পেরেছেন।তারা ভবিষ্যতের কঠোর পরিশ্রম ও অনুশীলন করে আরও বড় পর্যায়ে অংশ নিয়ে নিজেদের প্রতিষ্ঠান ও উপজেলার সুনাম অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
একজন বিজয়ী শিক্ষার্থী রাসেল বলেন, “এই পুরস্কার আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। আগামীতে জেলা পর্যায়েও ভালো ফল করার চেষ্টা করব ইনশাল্লাহ। ”
উপস্থিত শিক্ষক ও ক্রীড়া সংগঠকদের “দৈনিক আজকের জনবাণী” প্রতিনিধির কাছে মতামত প্রকাশ করেন যে, খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত কাজের মনোভাব গড়ে তোলে। নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ পাবে।
স্থানীয় অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা জানান, উপজেলা পর্যায়ে এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দাবী জানান।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। উপজেলার ক্রীড়াঙ্গনে এ আয়োজন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 























