ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন থেকে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরীর নির্দেশনায় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিব উল্লাহ সরকার ও এএসআই দিলীপ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ শিবপুর ইউনিয়নের ধনাশীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন
ব্রাহ্মণহাতা গ্রামের কামাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৬)
ফারুক ফকিরের ছেলে সোহাগ ফকির (৩৫)
ধনাশী গ্রামের আবু তাহেরের ছেলে জীবন আহমেদ (৩২)
শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মুসা মিয়া (২৬)।
অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ধৃত আসামিদের মাদক সেবনের সরঞ্জামসহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলামের নিকট হাজির করে। এ সময় আসামিরা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা প্রদান করেন।
রায় অনুযায়ী গাঁজা সেবনের দায়ে সোহাগ ফকিরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইয়াবা সেবনের দায়ে মুসা মিয়া, জীবন আহমেদ ও মেহেদী হাসান—প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক কারাগারে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার 


















