ডবলমুরিংয়ে পরিত্যক্ত শিক্ষা ভবনে পুলিশের অভিযান, উদ্ধার অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
চট্টগ্রাম মহানগরীতে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি টরাস (TAURUS) পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে পরিত্যক্ত ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং মডেল থানা পুলিশের এ অভিযানকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি 



















