কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে পাঁচজনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুড়িগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫৪ ধারায় পাঁচজনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানাপ্রাপ্তরা হলেন—ধামশ্রেণির হাবিবুর রহমান, থেতরাইয়ের সন্তোষ কুমার রায়, গোবার মোড়ের আব্দুস সাত্তার, কৃষ্ণমঙ্গলের আব্দুল খালেক এবং উলিপুরের শাওন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















