গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মাছুম শেখ (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বালুয়াভিটা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ উপজেলার বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় মাছুম শেখ নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিলে তার মা বিষয়টি নিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে আদালতে হাজির করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এমারত হোসেন। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
সুজন চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার: 


















