গাজীপুরের কালীগঞ্জে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে ১৩ বছর ১১ মাস বয়সী এক কিশোরী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার সাত দিন পর পূর্বাচল এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত জাহিদ হাসান রাজ (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পূর্বাচল এলাকায় অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে পূর্বাচল এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি জাহিদ হাসান রাজকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সুজন চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার: 


















