কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন তার বাবা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া গ্রামের ওই নারী বাবা-মায়ের সঙ্গে থাকেন। গত ১ সেপ্টেম্বর বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাবা জানতে পারেন, মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে ফিরে স্থানীয় নারীদের কাছে জানতে পারেন, তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ করেন ওই নারীর বাবা। তিনি জানান, মেয়েকে কে বা কারা ধর্ষণ করে গর্ভবতী করেছে, তা তিনি নিশ্চিত নন। তবে মেয়ের বাড়িতে নিয়মিত যাতায়াতকারী কয়েকজনকে সন্দেহ করছেন।
অভিযোগে বলা হয়েছে, কয়েকদিন আগে বাড়িতে আসা এক ব্যক্তি ওই নারীকে খাবার খাওয়ানোর পর তিনি অসুস্থ হয়ে বমি করেন। অন্য একদিন গোসলের সময় একজনকে আড়াল থেকে দেখার অভিযোগও রয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে গর্ভধারণের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “আমাদের অভিযান অব্যাহত চলছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও জড়িত ব্যক্তিদের পরিচয় তদন্তের পর নিশ্চিত হবে। এদিকে এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ।
-
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৬ - আপডেট সময় : ০৫:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- 13
জনপ্রিয় সংবাদ




















