কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১১ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৬ লাখ ১১ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান জব্দ করা হয়।
এ ছাড়া সীমান্ত এলাকায় টহল দলের বিশেষ তৎপরতায় চোরাচালানকৃত ভারতীয় গবাদিপশু ও অন্যান্য অবৈধ চোরাচালানি মালামালও আটক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 


















