মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা দাসপাড়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রঞ্জিত দাসের ছেলে রবিন দাস। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে রবিন ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন দাস দীর্ঘদিন ধরে ভোলাডাঙ্গা দাসপাড়া এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর থেকে তিনি রবিন ইসলাম নামে পরিচিত হচ্ছেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর রবিন ইসলামের জীবনযাপন ও ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সোজা উদ্দিন জানান, রবিন ইসলাম বর্তমানে নতুন একটি ধর্মীয় ও সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় তাকে মানবিক ও সামাজিকভাবে সহযোগিতা করা প্রয়োজন।
ইউপি সদস্য সোজা উদ্দিন বলেন, “রবিন স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পর তার প্রতি কোনো ধরনের বৈষম্য না করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পাশে দাঁড়ানো প্রয়োজন। সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, সমাজসেবী, মানবাধিকারকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের তার পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ধর্মীয় পরিচয় পরিবর্তনের পর রবিন ইসলামের নতুন জীবনে নানা ধরনের সামাজিক ও আর্থিক চ্যালেঞ্জ আসতে পারে। তাই তাকে স্বাভাবিকভাবে সমাজে চলাফেরার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা উচিত। তারা আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতা বজায় রেখে রবিনের পাশে দাঁড়ালে তিনি নতুন পরিবেশে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
স্থানীয়দের পক্ষ থেকে রবিন ইসলামের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের বিষয়টি বিবেচনা করে প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করা হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান বজায় রেখে রবিন ইসলামের নতুন জীবনের পথচলা সুন্দর ও স্বাভাবিক হোক—এমন প্রত্যাশা স্থানীয়দের।
মোঃ মামুনুর রশীদ (মেহেরপুর প্রতিনিধি) 



















