বরিশালের আগৈলঝাড়ায় গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহারের অপব্যবহার রোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান। গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক গোলাম সরোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ এবং আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ খান বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মোঃরাসেল আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ 



















