লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের যানজট নিরসন ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ দোকানপাট ও ফুটপাত দখলমুক্তকরণে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আব্দুর রব সাহেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের প্রধান সড়ক, ফুটপাত ও গলিপথ দখল করে রাখা স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন অবৈধ স্থাপনা তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখলের কারণে চন্দ্রগঞ্জ বাজারে তীব্র যানজট তৈরি হচ্ছিল এবং পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
অভিযান সম্পর্কে চন্দ্রগঞ্জ থানার ওসি জনাব আব্দুর রব জানান, সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস এবং বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
একই সাথে তিনি পুনরায় রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য স্থানীয় ব্যবসায়ী ও দখলদারদের প্রতি আহ্বান জানান।
অভিযানের পর চন্দ্রগঞ্জ বাজারের যানজট পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বাজারকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন।
জেলা প্রতিনিধি
সাহাব উদ্দিন পরান
চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: 



















