নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সংসদীয় কূটনীতি জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে রাজধানী ঢাকায় পৌঁছেছেন ইন্টার-পার্লামেন্টারি (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। আইপিইউ-এর দীর্ঘ ইতিহাসে তিনি প্রথম নারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল রোববার (৩০ আগস্ট) রাত ৮টা টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে আইপিইউ সেক্রেটারি জেনারেলকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান সংসদ সদস্য সাঈদ আল নোমান। এ ছাড়া বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অ্যান্ডা ফিলিপের এই সফরটি বাংলাদেশের সংসদীয় রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সংসদীয় কমিটির প্রধান এবং সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারা রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
আইপিইউ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। চার দিনের ব্যস্ত সফর সূচি শেষ করে আগামী ২ সেপ্টেম্বর তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
চার দিনের সফরে ঢাকায় আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
জনপ্রিয় সংবাদ











