কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী কবিরাজপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাবাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং মাকে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে।
গত সোমবার (৫ অক্টোবর) দুপুরে নিজ জমিতে ইউক্যালিপটাসের চারা রোপণ করতে গেলে মো. আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী শামসাদ বেগমের ওপর হামলা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলায় আহত আমিনুল বর্তমানে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এজাহার সূত্রে জানা যায়, ৪ দশমিক ১৬ শতক জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছে। জমিটির মালিকানা নিয়ে কুড়িগ্রাম সদর সিভিল জজ আদালতে ২৬৮/২০২৫ নম্বর দেওয়ানি মামলাও বিচারাধীন। আমিনুলের দাবি, ক্রয়সূত্রে পাওয়া জমিটি তিনি প্রায় ৩৪ বছর ধরে ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়েছে, জমিতে চারা রোপণের সময় রমজান আলী বাঁশের লাঠি দিয়ে আমিনুলের মাথায় আঘাতের চেষ্টা করেন। পরে লোহার রড দিয়ে মারধর এবং মামুনুর রশিদ মামুন বুকের ওপর বসে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এ সময় স্ত্রী শামসাদ এগিয়ে তাঁকে রক্ষা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, মনোয়ারা বেগম শামসাদের চুল ধরে টানাহেঁচড়া করেন এবং রমজান আলী তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন। পরে স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনার দিন থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় এবং বুধবার এ ঘটনায় মামলা হয়েছে। একই ঘটনায় বিবাদী পক্ষও একটি মামলা করেছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তামজিদ হাসান তুরাগ বলেন, জমি নিয়ে বিরোধটি আদালতে বিচারাধীন। তাঁর বাবা-মা নিজেদের কেনা জমিতে চারা রোপণ করতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জমি বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলার অভিযোগ, বাবাকে শ্বাসরোধের চেষ্টা
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ - আপডেট সময় : ০২:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 10
জনপ্রিয় সংবাদ




















