বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ; বাঁকড়া বাজারের গোবিন্দের মুদিখানা দোকানে কর্মচারী ছিলেন, উৎকণ্ঠায় পরিবার
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মোঃ মিজানুর (৩০) গত মঙ্গলবার রাত ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন। পারিবারিক মান-অভিমানের একপর্যায়ে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য রাগারাগি ও মান-অভিমানের একপর্যায়ে মিজানুর বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
মিজানুর বাঁকড়া গ্রামের মোঃ মুনসুর রহমানের ছেলে। তিনি বাঁকড়া বাজারের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দের মুদিখানা দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয়দের কাছেও তিনি পরিচিত মুখ। তিনি স্থানীয় সাংবাদিক আবু রায়হানের মামাতো ভাই।
পরিবারের সদস্যরা জানান, মিজানুর বাড়ি থেকে বের হওয়ার সময় সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ মিজানুরকে দ্রুত খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তাঁকে কোথাও দেখে থাকলে কিংবা তাঁর সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আবু রাসেল স্টাফ রিপোর্টার ও যশোর প্রতিনিধি 



















