মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় তিনটি ড্রেজারের পাইপলাইন বিনষ্ট করা হয়েছে। একই অভিযানে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতলী, বলই ও বালিগাঁও এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের জন্য স্থাপন করা তিনটি ড্রেজারের পাইপলাইন বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।
এ সময় বালিগাঁও এলাকায় অবৈধভাবে ড্রেজার পরিচালনার অভিযোগে মো. ফারুক কাজী নামে এক ড্রেজার মালিককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া।
তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে কৃষিজমি, রাস্তাঘাট ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার 

















