হবিগঞ্জের বানিয়াচংয়ে গোপনে নারীদের গোসলের ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিত আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী কাটখাল গ্রামের পুকুরে গোসল করেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার পক্ষের দুই ছেলে ওই নারীদের গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কাজী লুৎফুর রহমানের পক্ষের লোকজন ও এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এর জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
স্বপন রবি দাশ,হবিগঞ্জ 



















