নওগাঁর পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে কয়েক লাখ টাকা মূল্যের চোরাইমালসহ চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে মো. হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’ প্রতিষ্ঠানের পেছনের টিনের চাল কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে। এ সময় ইন্টারনেটের ফাইবার জয়েন মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পত্নীতলা থানায় মামলা হলে বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করা হয়। পরে তাঁর নির্দেশনায় চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতভর অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ। অভিযানে গগনপুর আদিবাসীপাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৩৩) এবং গোপনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হক (৫২)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজন চোরচক্রের সক্রিয় সদস্য। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তাঁদের হেফাজত থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা; একটি গ্যাসের চুলা, একটি নেট রাউটার, একটি সেটআপ বক্স, দুটি রাইস কুকার, দুটি লোড মেশিন এবং দুটি ডিভিসি রাউটার। শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে এসব মালামাল উদ্ধার করে জব্দ করা হয়।
পত্নীতলা থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফিরোজ আহম্মেদ নওগাঁ প্রতিনিধি 


















