সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঢাকার গুলশান-২ বাসভবনে বিশেষ অভিযান চালিয়ে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে
পুলিশ। তিনি দীর্ঘ দিন ধরে ক্ষমতার অপব্যবহার, অপহরণ এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত।
রোববার সকালে গুলশানের একটি বিলাসবহুল বাসভবনে পুলিশ এই ঝটিকা অভিযান চালায়। সেখান থেকেই আত্মগোপনে থাকা মুরাদকে আইনের আওতায় আনা হয়।
মুরাদ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।
তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও নির্যাতনের একটি মামলা রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে মিছিল করায় তাঁর নামে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা রয়েছে।
গত দুই বছর ধরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তাঁর ভাই রনি আত্মগোপনে বা পলাতক রয়েছেন। তবে তাদের গুলশানের বাড়িটিই মুরাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।














