বিদেশি সংস্থার মাধ্যমে পাকা মসজিদ নির্মাণ করে দেওয়ার কথা বলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের পাঁচটি মসজিদ থেকে টাকা নেওয়ার অভিযোগে কামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী।
স্থানীয় মসজিদ কমিটির সদস্যদের অভিযোগ, ভোলারপাড়া গ্রামের বাসিন্দা রমিজুলের মাধ্যমে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধোবাউড়া এলাকার বাসিন্দা কামাল উদ্দিনকে প্রতিটি মসজিদের পক্ষ থেকে ১৫ থেকে ১৮ হাজার টাকা করে দেওয়া হয়। বিদেশি সংস্থার সহায়তায় পাকা মসজিদ নির্মাণ করে দেওয়ার কথা বলে এসব টাকা নেওয়া হয় বলে জানান তারা।
অভিযোগ অনুযায়ী, যেসব মসজিদ থেকে টাকা নেওয়া হয়েছে সেগুলো হলো—বালোবাড়ি, উদ্যমপুর বর্ণী, নতুন শিমলাপাড়া, নতুন ভোলারপাড়া ও শাখারিয়া গ্রামের মসজিদ।
স্থানীয়রা জানান, টাকা নেওয়ার পর কামাল উদ্দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আরও কয়েকটি নতুন মসজিদের জন্য টাকা দেওয়া হবে—এমন কৌশলে মঙ্গলবার তাকে ডেকে আনা হয়। এরপর এলাকাবাসী তাকে আটক করেন।
স্থানীয়দের অভিযোগ, পাকা মসজিদ নির্মাণ করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে মসজিদ কমিটি ও সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া কাউকে টাকা না দেওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সুজন কুমার দাস (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















