সিলেটের ওসমানীনগরে এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে করা মামলায় পংকজ কান্তি মজুমদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ওসমানীনগর থানায় পুলিন্দ্র মজুমদার (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পংকজ কান্তি মজুমদার ও তাঁর মা গিতা রানী মজুমদার (৫৫)কে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১৫। দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় মামলাটি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, তাজপুর ইউনিয়নের চরইসবপুর এলাকায় জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বাদীর সঙ্গে আসামিদের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে বাদীর বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বাদী অভিযোগ করেন, তিনি স্ত্রী তিপ্তি রানী মজুমদার ও দুই মেয়ে প্রতিমা রানী মজুমদার এবং প্রিয়া রানী মজুমদারকে নিয়ে বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তাঁদের পথরোধ করেন। এ সময় পংকজ কান্তি মজুমদার দা দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, তিপ্তি রানী মজুমদারের ভ্যানিটি ব্যাগ থেকে ১০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। চিৎকার শুনে দুই মেয়ে এগিয়ে এলে ছোট মেয়ে প্রিয়া রানীকে গলায় চাপ দিয়ে ধরার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিপ্তি রানীর মাথার বাম পাশে ও চোখের ভ্রুর ওপর কাটা জখম হয় এবং চিকিৎসায় চারটি সেলাই দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বাদীর দুই মেয়েকে মারধর ও টানাহেঁচড়া করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরে আহতরা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। প্রিয়া রানীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
বাদীর অভিযোগ, ঘটনার সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে অভিযোগ পাওয়ার পর মামলাটি রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন।
পংকজ কান্তি মজুমদারকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অপর আসামি গিতা রানী মজুমদারের গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “মামলার এজাহারনামীয় আসামি পংকজ কান্তি মজুমদারকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
মোঃ রাজন আহমদ, নিজস্ব প্রতিনিধি: 



















