চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালিয়ে মাটি ভর্তি একটি ট্রাক আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাটিভর্তি একটি ট্রাক আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল করিম (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে। জব্দ করা মাটি একটি সরকারি প্রতিষ্ঠানে প্রদান করা হয়েছে।
শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, জনস্বার্থে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফটিকছড়ি প্রতিনিধি (চট্টগ্রাম) আবদুল্লাহ আল বোরহান 



















