ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন থেকে ‘আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়’ রক্ষায় মানববন্ধন করেছেন শত শত শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার শয়তানখালী ঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
দীর্ঘদিন ধরে পদ্মার তীব্র ভাঙনে ওই এলাকার বহু বসতবাড়ি, দোকানপাট ও শত শত বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নদী থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত বিদ্যালয়টি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণেই ভাঙনের মাত্রা আরও তীব্র হয়েছে। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং বিদ্যালয়টি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী শিকদার জানান, এর আগে জিও ব্যাগ ফেলার মতো কিছু সাময়িক পদক্ষেপ নেওয়া হলেও তা কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি। বর্তমানে শিক্ষার্থীদের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সর্দার বলেন, শুধু সাময়িক ব্যবস্থা নয়, পিয়াজখালী বাজার ও আদর্শ জনসংঘ স্কুল রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করতে হবে, অন্যথায় এলাকার মানচিত্র থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসতি হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
অভিভাবকরাও অবিলম্বে কার্যকর সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে না পড়ে।
বিপ্লব কুমার দাস, স্টাফ রিপোর্টারঃ 


















