ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসন এবং মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়। জেলার ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করা, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা ও বাজারজাতকরণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল হালিম, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন।
এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, সরকারি কৌঁসুলি মো. আশরাফ আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া, জেলা আনসার ও ভিডিপির কমান্ডার চন্দন দেবনাথ, বিআরটিএর সহকারী পরিচালক পলাশ খীসা, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজাসহ সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে গুরুত্ব
-
মামুন মিঞা, ফরিদপুর - আপডেট সময় : ১০:০২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- 21
জনপ্রিয় সংবাদ




















