একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। ‘আশিকী’, ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রাহুল রায়।
তবে ২০২০ সালে ব্রেন স্ট্রোকের পর বদলে যায় তার জীবন। দীর্ঘ সময় কাজের বাইরে থাকার পাশাপাশি বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়েও যেতে হচ্ছে এই অভিনেতাকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাহুল। তিনি জানান, অর্থের প্রয়োজনেই বিভিন্ন ধরনের কাজ করছেন।
এমনকি বিয়ের অনুষ্ঠানেও নাচেন তিনি। এসব অনুষ্ঠান থেকে কখনো ২ লাখ, আবার কখনো ৪ লাখ টাকা পর্যন্ত আয় করেন বলে জানান অভিনেতা।
রাহুল বলেন, ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর তার জন্য কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। এরপর প্রায় পাঁচ বছর অনেকটা বিরতির মধ্যেই কেটেছে।
এই সময়ে মূলত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছেন তিনি। এখন আবার ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন এবং আরো কাজ করতে চান।
‘শাহরুখকে কেন মেরেছিলেন?’ দিলীপকে ভক্তের প্রশ্ন
বিয়ের অনুষ্ঠানে নাচার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কটাক্ষও শুনতে হয়েছে। তবে রাহুলের দাবি, বাইরে থেকে বিষয়টি সহজ মনে হলেও এ ধরনের কাজ করাও যথেষ্ট পরিশ্রমের। আর্থিক প্রয়োজন থেকেই তিনি এসব কাজ করছেন।
এদিকে একটি আইনি মামলাতেও জড়িয়ে রয়েছেন রাহুল ও তার ভাই। অভিনেতার ভাষ্য অনুযায়ী, মামলাটির আর্থিক অঙ্ক প্রায় ৩০ লাখ টাকা। সেটি মিটিয়ে ফেলতে ভাইয়ের সঙ্গে কাজ করছেন তিনি।রাহুল আরো জানান, বিবাহবিচ্ছেদের সময় নিজের সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন। ফলে বর্তমানে অনেকটা শূন্য থেকে জীবন ও ক্যারিয়ার নতুন করে গড়ে তুলছেন। ৬০ বছর বয়সে এসেও নিজের ‘সাম্রাজ্য’ আবার তৈরি করতে চান বলে জানান তিনি।
কঠিন সময়ে বলিউডের বেশ কয়েকজন তারকা তার পাশে দাঁড়িয়েছেন বলেও জানান রাহুল। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, কারিশমা কাপুর, রাবিনা ট্যান্ডন, ফারাহ খান, অর্চনা পুরান সিং ও পূজা ভাট। স্ট্রোকের পর তার চিকিৎসার খরচেও সালমান খান সহযোগিতা করেছিলেন বলে জানান অভিনেতা।
সূত্র : আনন্দবাজার ডট কম