ইকবাল উদ্দিন :
বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী পাইকারি ব্যবসা কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯) কার্যনির্বাহী কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ৮টা থেকেই বাজারের নির্ধারিত ভোটকেন্দ্রে ভোটার ও সাধারণ ব্যবসায়ীদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩১২২ ভোটারের মধ্যে ৭৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বাজারের সামগ্রিক নিরাপত্তা রক্ষা, ব্যবসায়ীদের অধিকার আদায় এবং রিয়াজউদ্দিন বাজারকে একটি আধুনিক ও যানজটমুক্ত বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এবারের প্রার্থীরা মাঠে নেমেছেন। নির্বাচনকে ঘিরে গত কয়েক দিন ধরে পুরো বাজার এলাকা ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের বিপরীতে একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে আলহাজ্ব মোহাম্মদ আলী আব্বাস খান এবং আলহাজ্ব মো. ছালামত আলী ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে শেষ মুহূর্তের ব্যাপক প্রচারণা চালিয়েছেন। সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের বড় একটি অংশের মতে, এবারের নির্বাচন মূলত বাজারের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের একটি বড় পরীক্ষা।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এই পদে জোর আলোচনায় রয়েছেন ব্যবসায়ী নেতা আবুল কাসেম চৌধুরী এবং আনারস মার্কার প্রার্থী আব্দুল শুক্কুর। গতকাল পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে বাজারে বিশাল মিছিল ও গণসংযোগ করেছেন। বিশেষ করে বিভিন্ন প্রার্থীর সমর্থনে ভোটারদের স্বতঃস্ফূর্ত স্লোগান এবং আনন্দ-উল্লাস পুরো নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমিতির নিজস্ব স্বেচ্ছাসেবক দলও সক্রিয় ভূমিকা পালন করছে। সাধারণ ব্যবসায়ীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোট দিয়ে বের হওয়া কয়েকজন সাধারণ ব্যবসায়ী জানান, তারা এমন এক নেতৃত্বকে বেছে নিতে চান যারা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, অগ্নি-নিরাপত্তা জোরদার এবং যেকোনো সংকটে সাধারণ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে এই পাইকারি বাজারের ঐতিহ্য ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
আজ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। নির্বাচন কমিশন জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আজ রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।










