সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরযান চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো এবং বেপরোয়া ও অসতর্কভাবে যানবাহন না চালানোর বিষয়ে চালকদের সচেতন করা হয়। কর্মসূচিতে ভেড়ামারা থানার ওসি (তদন্ত) মো. রকিবুর রহমান রকিব, সাংবাদিক আব্দুল আলিম, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সেকেন্ড অফিসার মাইনুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা কমানো এবং চালকদের মধ্যে নিরাপদ ও দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর মানসিকতা গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















