কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ের ১নং প্লাটফর্মে পথশিশুদের জন্য শিশু স্বপ্ন ফ্রি স্কুলের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়েছে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায়। সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি আলোকিত দৃষ্টান্ত স্থাপন করেছে এই শিশু স্বপ্ন ফ্রি স্কুল। স্টেশন এলাকার অসহায় ও পথশিশুদের বিনামূল্যে হাতেকলমে শিক্ষা দিবে তারা। ২০ জন পথ শিশুদের নিয়ে প্রতিদিন বিকাল ৪টা থেকে সাড়ে ৫ টা ভেড়ামারা রেলস্টেশনের ১নং প্লাটফর্মে এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলধারার শিক্ষার বাইরে থাকা এসব শিশুকে শিক্ষা ও নৈতিক উন্নয়নের মাধ্যমে সমাজে ফিরিয়ে আনতে কাজ করছে তারা।
শিশু স্বপ্ন ফ্রি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রজিন ইসলাম রকি বলেন, আমাদের লক্ষ্য শুধু বইয়ের জ্ঞান দেওয়া নয়, তাদের জীবন গঠনের পথ দেখানো। এসব শিশু আত্মনির্ভরশীল হোক এবং ভবিষ্যতে সম্মানের সঙ্গে সমাজে মাথা উঁচু করে দাঁড়াক।
এখানে শিশুদের পড়াশোনার পাশাপাশি শেখানো হবে হাতের কাজ, যেমন- চিত্রাঙ্কন, হস্তশিল্প, পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে কারুকাজ এবং স্বাস্থ্যবিধি অনুসরণ। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে নিয়মিতভাবে খাবার, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
স্থানীয়রা জানায়, এই উদ্যোগের ফলে এলাকার অনেক পথশিশু এখন নিয়মিত পড়াশোনার প্রতি আগ্রহী হবে। অনেক শিশুই ভবিষ্যতে স্কুলে ভর্তি হওয়ার স্বপ্ন দেখবে। শিশু স্বপ্ন ফ্রি স্কুলের শিক্ষকরা প্রতিদিন শিশুদের সঙ্গে সময় কাটায়, তাদের মনস্তাত্ত্বিক দিকেও নজর দেয়।
শিশু স্বপ্ন ফ্রি স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইয়ামিন ইসলাম বলেন, আমরা চাই পথশিশুরা তাদের জীবনকে পরিবর্তন করুক, তারাও সমাজের অংশ।
এলাকার ৫ বন্ধু-বান্ধবীদের উদ্যোগে এই মানবিক প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে। শিক্ষা শুধু বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়- এমন বিশ্বাস থেকেই শিশু স্বপ্ন ফ্রি স্কুলের এই প্রচেষ্টা।###
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী 



















