ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে চোখে ছানি পড়া, ঝাপসা দেখা, চোখ লাল হওয়া, জ্বালা-পোড়া, চোখ দিয়ে পানি পড়াসহ বিভিন্ন ধরনের চোখের সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা নেন। এ সময় চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেন। পাশাপাশি বাছাই করা ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
ক্যাম্পটির আয়োজন করে চোখের আলো রেটিনা গ্লুকোমা হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারছেন না, তাদের সহযোগিতা করাই এ ধরনের ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য।
জাহিদ মাতাব্বর, জেলা প্রতিনিধি, ভোলা 


















