মসজিদুল হারামে জুমার ইমামতি করবেন শায়খ সালেহ আল-হুমাইদ
পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ সালেহ ইবনে আবদুল্লাহ আল-হুমাইদের।
শায়খ সালেহ আল-হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে তিনি পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে তিনি ধর্মীয় অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন। কর্মজীবনে তিনি সৌদি আরবের শুরা কাউন্সিল এবং উচ্চ বিচার বিভাগীয় কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সৌদি আরবের সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মসজিদে নববীতে জুমার ইমামতি করবেন শায়খ আলী আল-হুজায়ফি
অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবেন বিশ্বখ্যাত কোরআনের কারি ও প্রবীণ আলেম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। হৃদয়স্পর্শী কোরআন তিলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে বিশেষভাবে পরিচিত।
শায়খ আলী আল-হুজায়ফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আবদুল হুজায়ফি। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭৫ সালে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে ১৯৭৮ সালে তিনি মদিনার ঐতিহাসিক মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ১৯৭৯ সালে মসজিদে নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন।
মুসলিম বিশ্বের কাছে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই পবিত্র স্থান। প্রতি সপ্তাহে জুমার নামাজে দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি এসব মসজিদে সমবেত হন। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার কিংবা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা ও নামাজের দৃশ্য দেখার এবং ইমামদের তেলাওয়াত শোনার সুযোগ পান।
অনলাইন ডেস্ক 
























