টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের টেকিপাড়া এলাকায় একটি বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে স্থানীয় জনতা। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে কথিত মাদক কারবারি মো. হাফিজুর রহমান পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেকিপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে মো. হাফিজুর রহমানের বাড়িতে ইয়াবার বড় একটি চালান মজুত রয়েছে—এমন খবরের ভিত্তিতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বাড়ি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে হাফিজুর রহমান সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
পরে স্থানীয়রা ওই বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা দেখতে পান। তাদের দাবি, বসতঘর ও আশপাশের এলাকা থেকে মোট প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ইয়াবা জব্দ করে বলে জানা গেছে।
মধুপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পলাতক হাফিজুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
তবে উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং এর সঙ্গে হাফিজুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
সুজন কুমার দাস স্টাফ রিপোর্টাস (টাঙ্গাইল) প্রতিনিধি: 


















