পত্নীতলা উপজেলায় অপরাধ দমনে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন চোর, দুইজন মাদক ব্যবসায়ী এবং পাঁচজন মাদক সেবী রয়েছে।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ও ১১ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার এবং শুক্রবার পত্নীতলা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে আটক হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে নওগাঁ সদর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের নওগাঁ জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক সাহেব বলেন, জনস্বার্থে অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছে।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 


















