ঝালকাঠির নলছিটিতে মায়ের নির্যাতনের ভয়ে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী কিডনি বিক্রির জন্য একটি ক্লিনিকে যাওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মাত্র ৩৫ হাজার টাকার বিনিময়ে কিডনি বিক্রির কথা বলে শিশুটি সেখানে গিয়েছিল বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, মেয়েটির মায়ের ৩১ হাজার টাকা চুরি হওয়ার ঘটনায় তাকে সন্দেহ করা হয়। এ নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং টাকা ফেরত না দিলে পুনরায় নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের ভয়ে শিশুটি টাকা সংগ্রহের জন্য কিডনি বিক্রির চিন্তা করে ক্লিনিকে যায় বলে জানা গেছে। তবে কিডনি বিক্রির কোনো প্রক্রিয়া বাস্তবে সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অপ্রাপ্তবয়স্ক একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং তার ওপর নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতনরা।
অভিযোগের সত্যতা যাচাই করে শিশুটিকে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
মোঃ সিফাতুল্লাহ স্টাফ রিপোর্টার, দৈনিক দেশের কাগজ 



















