লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের সাইচা গ্রামের তারেক হোসেন (২৫) ও জাকির হোসেন (২৫) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামের জহির আহম্মদ (৬০)।
অভিযানে তাঁদের কাছ থেকে তিন পিস ইয়াবা জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ হাসান লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 


















