মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জেলার বিভিন্ন কওমী, আলিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়। কওমী, আলিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার যৌথ উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি জসিম উদ্দিন সালেহী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ কলোনি হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সেক্রেটারি এবং শাহ্আলী পরিবহনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি মহানবী (সা.) এর সুন্নাহ ও আদর্শ অনুসরণে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। কোমলমতি শিশুদের মাঝে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হযরত মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শন শুধু মুখে নয়, বরং তাঁর শিক্ষা নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের ঐক্য, শান্তি ও নৈতিকতার শিক্ষা দেয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল্যবান নসীহত পেশ করেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আবু ওয়াক্কাস। দ্বিতীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহশিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ মারুফ হোসাইন জামী। জেলা শাখার বার্তা সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান পুরো আয়োজনের বাস্তবায়ন কমিটির দায়িত্বে ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আলহাজ মাওলানা রফিকুল ইসলাম, হযরত মুফতি মাওলানা হামিদুর রহমান, হযরত মাওলানা জাহানুর রহমান, হযরত আলহাজ মাওলানা রুহুল আমিন, হযরত মুফতি মাওলানা ইদ্রিস আলী, হযরত মাওলানা কাজী আব্দুস সালাম, হযরত মাওলানা রেদওয়ানুল্লাহ সিদ্দিকী, হযরত মাওলানা কাজী গোলাম মোস্তফা, হযরত মাওলানা মফিদুল ইসলাম, হযরত মাওলানা কাজী গোলাম ফারুক, হযরত আলহাজ্ব তোফায়েল হোসেন, হযরত মাওলানা আব্দুর রশিদ, হযরত মাওলানা আবু সাঈদ মিঞা, হযরত মাওলানা আসাদুজ্জামান (নুর) এবং হযরত মাওলানা মুফতি আলতাফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
লালমনিরহাট জেলা প্রতিনিধি 


















