১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে অনন্তপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ী পাচারের চেষ্টা করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০১:০০ ঘটিকায় অনন্তপুর বিওপির আওতাধীন বালাবাড়ী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে ভারতীয় সীমান্তের দিকে আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭৬ পিছ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ করতে সক্ষম হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী ৭৬ পিছ, যার সিজার মূল্য ৭,৬০,০০০/- ( সাত লক্ষ ষাট হাজার আটশত) টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মোঃ হারুন অর রশীদ লালমনিরহাট 


















