(২৫ সেপ্টেম্বর শুক্রবার)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চলাচলের একমাত্র সাধারণ রাস্তা অবৈধভাবে জবরদখল করে পাকা দালান নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত আবেদন করেছেন মো. জসিম উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা।
আবেদন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের মল্লিক ছোবহান (রাজঘাট্টা) এলাকার বাসিন্দারা যুগ যুগ ধরে একটি ৭০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রশস্ত রাস্তা নিয়মিত যাতায়াতের জন্য ব্যবহার করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একই এলাকার মৃত আবদুল হাফেজ এর ছেলে মো. সাহাব উদ্দিন সম্পূর্ণ বেআইনি ও জোরপূর্বক ওই চলাচলের রাস্তাটি দখল করে পাকা দালান নির্মাণের কাজ শুরু করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, রাস্তাটি জবরদখল হয়ে যাওয়ায় আবেদনকারী জসিম উদ্দিনের পরিবারসহ আশেপাশের কয়েকটি পরিবারের স্বাভাবিক যাতায়াত সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে মৌখিকভাবে বাধা দেওয়া হলেও তিনি তা তোয়াক্কা না করে উল্টো নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন এবং স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত এই অবৈধ নির্মাণকাজ বন্ধ করে রাস্তাটি দখলমুক্ত করতে এবং নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
লোহাগাড়া প্রতিনিধি: মোহাম্মদ ইয়াছিন 



















