প্রাথমিক শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করা, শিক্ষাঙ্গনে সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে লালমনিরহাট সদর উপজেলায় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’ লালমনিরহাট সদর উপজেলা শাখা এই বিশেষ সভার আয়োজন করে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক।
শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি তৈরিতে শিক্ষকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান অতিথি জাহিদুল ইসলাম ফারুক বলেন, কোমলমতি শিশুদের সুশিক্ষায় আলোকিত করা এবং শিক্ষার প্রকৃত ভিত্তি গড়ার মূল কারিগর আমাদের শিক্ষকরাই। মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজ ও শিক্ষা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নবনির্বাচিত কমিটি তাদের সততা, বলষ্ঠ নেতৃত্ব ও পেশাগত দক্ষতার মাধ্যমে সদর উপজেলার শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ মমতাজ আলী বলেন, “প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষকদের অধিকার রক্ষায় আমরা শিক্ষা প্রশাসনের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিয়ে সভার ভাবগাম্ভীর্য ও উৎসাহ আরও বাড়িয়ে দেন মোঃ এনামুল হক, ইনস্ট্রাক্টর, সদর উপজেলা রিসোর্স সেন্টার আলহাজ্ব ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি, প্রধান শিক্ষক সমিতি অ্যাডভোকেট মহিউদ্দিন আহম্মেদ লিমন, আইন উপদেষ্টা নবীর ইসলাম, উপদেষ্টা, প্রধান শিক্ষক সমিতি
এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নবনির্বাচিত কমিটির শিক্ষক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশ নেন।
আলোচনা পর্ব শেষে উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত নেতৃবৃন্দকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সভায় লালমনিরহাটের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী সংস্কার, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
মোঃ হারুন অর রশীদ লালমনিরহাট 


















