চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে মো. রবিন (৩৬) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা মকবুল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে পৌঁছালে যাত্রীরা নামতে শুরু করেন। এ সময় রবিন তার ব্যাগ নিয়ে লঞ্চ থেকে নামার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
রবিন নদীতে পড়ে যাওয়ার পর স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্বামীর নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে লঞ্চঘাটে ছুটে আসেন রবিনের স্ত্রী নাসরিন। স্বামীকে হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে লঞ্চঘাটের পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিখোঁজ রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লা বাড়ি এলাকায়।
রবিনের স্ত্রী নাসরিন জানান, তার স্বামী নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তার চাকরি চলে যায়। এরপর তিনি কর্মহীন অবস্থায় ছিলেন। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। কাজ না থাকায় নাসরিনকে তিনি তার বাবার বাড়িতে রেখে যাতায়াত করতেন।
এ ঘটনায় মকবুল লঞ্চ এর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ রবিনকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
আবু নাছের, মতলব উত্তর প্রতিনিধি: 



















