বগুড়ায় ট্রেনে এক যাত্রীর গলার স্বর্ণের চেইন সুকৌশলে ছিনতাইয়ের সময় হবিগঞ্জ জেলার লাখাই থানার তিন নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন সাধারণ যাত্রীরা। পরে তাদের উদ্ধারকৃত স্বর্ণের চেইনসহ সোনাতলা স্টেশন মাস্টারের হেফাজতে সোপর্দ করা হয়।
আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ কলেজ স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত তিন নারী ছিনতাইকারী হলেন, মোছাঃ জরিনা বেগম (৩৫), মোছাঃ স্বপ্না বেগম (২৫) এবং মোছাঃ আয়েশা খাতুন (১৯)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার দৌলতপুর গ্রাম বলে জানা গেছে। আর এই ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী নারীর নাম মোছাঃ দোলেনা বেগম (৪৫)।
ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস কিংবা পদ্মরাগ ট্রেনে চড়ে বগুড়া থেকে সোনাতলার দিকে যাচ্ছিলেন মোছাঃ দোলেনা বেগম। ট্রেনটি সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ কলেজ স্টেশন এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওই তিন নারী ছিনতাইকারী ভুক্তভোগীর গলার স্বর্ণের চেইন সুকৌশলে কেটে নেওয়ার চেষ্টা করেন এবং ছিনতাই করেন।
এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে ট্রেনের অন্যান্য যাত্রীরা তাৎক্ষণিকভাবে সাহসিকতার পরিচয় দিয়ে তিন নারী ছিনতাইকারীকে ঘেরাও করে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। পরে ট্রেনটি সোনাতলা স্টেশনে পৌঁছালে যাত্রীরা অভিযুক্ত তিন নারী এবং উদ্ধার করা স্বর্ণের চেইনসহ স্টেশন মাস্টারের কার্যালয়ে নামেন।
বর্তমানে আটক তিন নারী ছিনতাইকারী ও উদ্ধারকৃত স্বর্ণের চেইন সোনাতলা স্টেশনের স্টেশন মাস্টারের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সৈয়দ শিমুল আহমেদ মোকামতলা উপজেলা প্রতিনিধি ( বগুড়া) 


















