কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত এক সপ্তাহে পরিচালিত এসব অভিযানে দুই আসামিকেও আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানগুলোতে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্টের পিসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব অভিযানের মাধ্যমে সীমান্তপথে অবৈধ পণ্য পরিবহন ও মাদক পাচার প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা 


















