কুড়িগ্রাম | ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষাক্ষেত্রে অনন্য উৎকর্ষ, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধের প্রসার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করে মেধাবী প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলা পর্যায়ে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ফাইট আনটিল লাইট (ফুল)-এর আয়োজনে ‘ফুল শিক্ষাবৃত্তি–২০২৫’-এর আওতায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
স্কুল পর্যায়ে সেরা প্রতিষ্ঠান
স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান পেয়েছে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল এবং তৃতীয় স্থান অর্জন করেছে সবুজ বাংলা কিন্ডারগার্টেন।
চতুর্থ স্থান অর্জন করেছে যৌথভাবে ভূরুঙ্গামারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম স্থানে রয়েছে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালারহাট শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুল।
ষষ্ঠ স্থান অর্জন করেছে কিশলয় বিদ্যানিকেতন ও উলিপুর কুড়িগ্রাম একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল। সপ্তম স্থান পেয়েছে সোনাহাট এসকেএস কিন্ডারগার্টেন।
মাদ্রাসা ও উদীয়মান প্রতিষ্ঠান সম্মাননা
মাদ্রাসা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে আল-কাওসার মডেল মাদ্রাসা।
উদীয়মান প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে সাফল্য কিন্ডারগার্টেন, অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেন, নতুনকুড়ি জুনিয়র স্কুল ও রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল।
শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিলেন পুলিশ সুপার
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি শিক্ষাক্ষেত্রে অবদান রাখা সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফাইট আনটিল লাইট (ফুল)-এর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার উৎকর্ষতায় এগিয়ে যাক কুড়িগ্রাম, গড়ে উঠুক আলোকিত ও মানবিক প্রজন্ম।
কুড়িগ্রামে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’ প্রদান
-
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা: - আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- 5
জনপ্রিয় সংবাদ



















