কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নাজমা খাতুন নামে এক বিধবা নারীর ১ লাখ টাকা মূল্যের দুটি খাসি ছাগল চুরির অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রাম থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে গণপিটুনি দেওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ এর নির্দেশে এসআই গোবিন্দ মজুমদার মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গণপিটুনি থেকে আসামীদেরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন। গ্রেপ্তারকৃতরা হলো—উক্ত গ্রামের মো: শিশির (২৮) ও মো: শোভন (৩০)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে আসামিরা ওই গ্রামের বিধবা নাজমা খাতুনের বসতবাড়ির টিনের বেড়া কেটে ১ লাখ টাকা মূল্যের ২টি বড় ছাগল চুরি করে। পরে ছাগল দুটিকে জবাই করে মাংস বিক্রি করে দেওয়া হয়। পরদিন বিকেলে বাদীর অপর একটি ছাগল চুরির সূত্র ধরে অনুসন্ধান করতে গিয়ে আসামী শোভনের বাড়িতে ছাগল জবাইয়ের আলামত ও রশি পাওয়া যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০ ধারায় ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার (২৮ অক্টোবর) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 


















