লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ বাজারকে পলিথিনমুক্ত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ‘হায়দরগঞ্জ বাজার প্রবাসী কল্যাণ ফোরাম’।
সম্প্রতি বাজার এলাকার সড়ক, গলি ও দোকানপাটের চারপাশে জমে থাকা ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযান চলাকালে প্রবাসী কল্যাণ ফোরামের স্থানীয় সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় যুবকরা বাজারে জমে থাকা বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ধ্বংসের জন্য সংরক্ষণ করেন। একই সাথে বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
পলিথিনের বদলে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা কাপড়ের থলে ব্যবহারের অনুরোধ জানিয়ে আয়োজকরা বলেন, “হায়দরগঞ্জ বাজার আমাদের অহংকার। কিন্তু যত্রতত্র পলিথিন ফেলার কারণে বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। প্রবাসে থেকেও দেশের ও এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এই বাজারকে সম্পূর্ণ পলিথিনমুক্ত করার উদ্যোগ নিয়েছি। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাজার গঠনে আমাদের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অভিযান বাস্তবায়নে বাজারের ব্যবসায়ী সমিতি ও সর্বস্তরের জনগণ পূর্ণ সমর্থন জানান। স্থানীয় সচেতন মহল প্রবাসী কল্যাণ ফোরামের এই ব্যতিক্রমী ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং অন্য সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি, । 


















