শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা সংগঠন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নাটোরের সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি গল্প, কবিতা ও সাহিত্যবিষয়ক বই উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগারে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এসব বই উপহার দেওয়া হয়। এ সময় সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদের হাতে বইগুলো তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাদী মুহাম্মদ তামিম ও প্রধান সমন্বয়কারী নাফিস ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত, সহসভাপতি বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলীসহ অন্যরা।
২০১৫ সাল থেকে শিক্ষার্থীদের পাশে সংগঠনটি
সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০১৫ সাল থেকে সিংড়ার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে তাঁরা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।
এ ছাড়া সংগঠনটি ‘আমার সিংড়া’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপটিতে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর এবং সিংড়ার দর্শনীয় স্থান সম্পর্কিত তথ্য যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা প্রয়োজনীয় তথ্য সহজে জানতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জ্ঞানচর্চায় এগিয়ে যাচ্ছে স্মার্ট সাহিত্য পাঠাগার
সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগার ‘জ্ঞান, প্রজ্ঞা, সত্য—আলোর পথে’ মূলমন্ত্রকে ধারণ করে জ্ঞানচর্চা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। পাঠাগারে নতুন বই সংযোজনের মাধ্যমে পাঠকদের জন্য সমৃদ্ধ পাঠপরিবেশ তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সিংড়ার শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
মোঃ সিফাত মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি 


















