শারদীয় দুর্গোৎসবের নবমী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব ও স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া এবং হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন।
ওয়াদিয়া শাবাব বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য উৎসব। পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। উৎসবের শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহীদ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য বিভিন্ন মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার সরকার,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার,শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বণিক, হোসেনপুর পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বণিক তাপস, জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীল, শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সজীব চন্দ্র মোদক এবং শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হোসেনপুরে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ও সংসদ সদস্য
-
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ - আপডেট সময় : ০১:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- 17
জনপ্রিয় সংবাদ



















