ভোলার দৌলতখানে মসজিদের পাশের একটি সুপারি বাগান থেকে সাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লিরা তাঁর মরদেহ দেখতে পান। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাকিব চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর বাড়ির নুরনবী আজগরের ছেলে। মরদেহের পাশে সুপারির ছড়া, পায়ে গাছে ওঠার দাগ এবং কাছাকাছি মসজিদের ওয়াশরুমের একটি বৈদ্যুতিক তার ঝুলন্ত অবস্থায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁর মোবাইল ফোনটিও মরদেহের কিছুটা দূরে একটি নির্মাণাধীন দেয়ালের ওপর অক্ষত অবস্থায় পাওয়া যায়।
এসব বিষয় ঘিরে মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিলেও এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের বাবা জানিয়েছেন, ছেলের মৃত্যুর ঘটনায় তাঁদের কারও বিরুদ্ধে সন্দেহ নেই।
খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি ফখরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার ও ঘটনাস্থলের আলামত সংগ্রহের কার্যক্রম চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এইচএম জাহিদ মাতাব্বর ফাস্ট রিপোর্টার 


















