টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি এসব প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সরকারি সেবার মান, শিক্ষার পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্তরিকতা ও যত্নের সঙ্গে পাঠদানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ দেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধে শিক্ষক-শিক্ষিকাদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। একই সঙ্গে বিদ্যালয়ের মাঠ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারি দপ্তরগুলোর কার্যক্রম, ভূমিসেবার মান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ সরকারি সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সুজন কুমার দাস ধনবাড়ী,,টাঙ্গাইল প্রতিনিধি: 


















