আওয়ামী লীগ ১৭ বছর ধরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জুলাইয়ের ঘটনাবলির জন্য ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মানুষের খোঁজখবর নেওয়া শেষে সন্ধ্যায় ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের ধারণা নেই। প্রায় আড়াই বছর আগে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর থেকে দলটির দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম নেই।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে পার্থ বলেন, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের বিষয়ে তাদের ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের সাজা নিশ্চিত করতে হবে। এরপর বাংলাদেশের মানুষ তাদের রাজনীতি করার সুযোগ দেবে কি না, তা সময়ই বলে দেবে।
আওয়ামী লীগের গণতন্ত্র নিয়ে বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আগে আওয়ামী লীগ দেশে জঙ্গিবাদের কথা বলত, এখন বলছে গণতন্ত্র নেই। অথচ তারাই ১৭ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
দুর্গাপূজা উদ্যাপনের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে প্রচার করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তিনি মনে করেন ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবসম্মত বলে মনে হয় না।
এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএম জাহিদ মাতাব্বর ফাস্ট রিপোর্টার 
























