রংপুর অঞ্চলের লোকজ ঐতিহ্য ও মুখের ভাষাকে সাহিত্যের মূলধারায় তুলে ধরার প্রত্যয়ে কবি রিয়াজুল হক সরকারের আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ আও এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) লালমনিরহাটের ঐতিহ্যবাহী গল্পকথা মৃধাবাড়ী প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির শুভ মোড়ক উন্মোচন করা হয়। সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠান ‘মৃধাবাড়ী’ বইটি প্রকাশ করেছে।
প্রকাশনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ও বইটির প্রেক্ষাপট ব্যক্ত করতে গিয়ে কবি রিয়াজুল হক সরকার বলেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা কেবল সাধারণ মেঠো মানুষের ভাব প্রকাশের মাধ্যম নয়, এটি আমাদের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তির বিকাশ ও আধুনিকতার ছোঁয়ায় আমাদের নিজস্ব মুখের ভাষা ও লোকজ সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। লালমনিরহাটসহ রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী এই ভাষাকে সাহিত্যের পাতায় অমর করে রাখতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস আও। আশা করি, এ গ্রন্থের কবিতাগুলো পাঠকদের মনে আমাদের মা ও মাটির টানকে নতুন করে জাগিয়ে তুলবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রংপুর অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাপন, সুখ-দুঃখ ও অনুভূতি আঞ্চলিক সাহিত্যের এক অমূল্য সম্পদ। স্থানীয় এই ভাষাকে কাব্যের ক্যানভাসে ফুটিয়ে তোলার মাধ্যমে সাহিত্যচর্চায় এক নতুন মাত্রা যুক্ত হলো। আঞ্চলিক ভাষায় এ ধরণের উদ্যোগ আমাদের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে সংরক্ষণ করতে এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
কবি রিয়াজুল হক সরকারের ‘আও’ কাব্যগ্রন্থটি রংপুর অঞ্চলের ভাষাভিত্তিক কাব্যচর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং উত্তরবঙ্গের সাহিত্য অঙ্গনে নতুন প্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত সুধীজন।
এসময় জেলার কবি, সাহিত্যিক ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিদ্বয়েরা উপস্থিত ছিলেন।
মোঃ হারুন অর রশীদ লালমনিরহাট 


















